রাজধানীতে কাঁচামরিচের কেজি ৩০ টাকা, স্বস্তিতে ক্রেতারা

ভ্যানগাড়িতে কম দামে বিক্রি হলেও দোকানে ৫০-৬০ টাকা
টুইট ডেস্ক : রাজধানীর কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। কিছুদিন আগেও যে মরিচ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন অল্প দামে পেয়ে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে ভ্যানগাড়িতে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও একই এলাকার স্থায়ী দোকানগুলোতে দাম চাওয়া হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁও বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব এলাকার কয়েকটি ভ্যানগাড়িতে প্রতি কেজি কাঁচামরিচ ৩০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। কম দামে পাওয়ায় ভ্যানগাড়ির সামনে ক্রেতাদের ভিড়ও ছিল। কেউ কেউ প্রয়োজনের তুলনায় বেশি মরিচ কিনে নিচ্ছেন।
তবে একই বাজারের স্থায়ী সবজির দোকানগুলোতে কাঁচামরিচের দাম ছিল কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। কোনো কোনো দোকানে দাম আরও বেশি।
সরবরাহ বাড়ায় কমেছে দাম
ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে দেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ ও শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। পাশাপাশি বাজারে আমদানিকৃত কাঁচামরিচের সরবরাহও বেশি। এসব কারণে দাম কমেছে।
মুগদা বাজারের ভ্যানগাড়িতে কাঁচামরিচ বিক্রেতা মো. নূরুদ্দীন বলেন, শীতের শুরুতে প্রতিবছরই কাঁচামরিচের সরবরাহ বাড়ে। এ বছর আমদানিকৃত মরিচের সরবরাহও বেশি। সব মিলিয়ে বাজারে মরিচের পরিমাণ বেড়ে যাওয়ায় দাম কমেছে।
কম দামে পেয়ে স্বস্তি ক্রেতাদের
দীর্ঘদিন ধরে বেশি দামে কাঁচামরিচ কিনতে হওয়ায় অনেক ক্রেতা প্রয়োজন অনুযায়ী তা কিনতে পারেননি। দাম কমে আসায় তাঁদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
মানিকনগর বাজারে ভ্যানগাড়ি থেকে এক কেজি কাঁচামরিচ কেনেন রিকশাচালক রিয়াজউদ্দিন। তিনি বলেন, ‘দুই-একদিন পরপর ১০-২০ টাকায় অল্প করে কাঁচামরিচ কিনতে হয়। আজ ৩০ টাকায় পেয়ে এক কেজি কিনে নিলাম।’ এই মরিচ দিয়ে তাঁর এক মাসের চাহিদা পূরণ হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, কম দামে বিক্রি করেও সামান্য মুনাফা করছেন ভ্যানগাড়ির বিক্রেতারা। নূরুদ্দীন জানান, তাঁরা কারওয়ান বাজার থেকে পাঁচ কেজি কাঁচামরিচ ১২৫ টাকায় কিনেছেন। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করে কেজিপ্রতি পাঁচ টাকা মুনাফা থাকবে।
তবে স্থায়ী দোকানের বিক্রেতারা এই দামে পাইকারি বাজার থেকে মরিচ কেনার বিষয়টি অস্বীকার করেছেন। মুগদা বাজারের এক বিক্রেতার দাবি, ভ্যানগাড়ির মরিচের সঙ্গে তাঁদের মরিচের পার্থক্য রয়েছে। তাঁরা দেশি কালো ও বেশি ঝালযুক্ত মরিচ বিক্রি করেন, যার দাম হাইব্রিড জাতের মরিচের তুলনায় বেশি।






