জিয়াউল বিরূপ আচরণ করলে বোনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন

জিয়াউলকে ঘিরে বোনের বিরুদ্ধে আবেদনের হুঁশিয়ারি
বিরূপ আচরণ অব্যাহত রাখলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত আবেদন করবে প্রসিকিউশন।
টুইট প্রতিবেদক: কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, জিয়াউল আহসানের বিরূপ আচরণ অব্যাহত থাকলে তাঁর বোন ও আইনজীবী নাজনীন নাহারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে লিখিত আবেদন করা ছাড়া বিকল্প থাকবে না।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, নিরাপত্তার কারণেই কারা কর্তৃপক্ষ জিয়াউল আহসানসহ অন্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জিয়াউল আহসানকে অন্য আসামিদের সঙ্গে আনা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণ দেখিয়ে কোনো আসামি আদালতে হাজির হতে না চাইলে তাঁদের ভার্চুয়ালি হাজির করার আবেদন করা হয়েছে।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাংবাদিক মোজাম্মেল বাবুর বিষয়ে তিনি বলেন, মোজাম্মেল বাবু বিদেশি আইনজীবী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রসিকিউশন এ প্রস্তাবের বিরোধিতা করেছে।
ট্রাইব্যুনালে আসামিদের হাজিরা, নিরাপত্তাব্যবস্থা এবং আইনজীবী নিয়োগের বিষয়গুলো নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।






