যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মতো পথে হাঁটবে না ইরান

প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলে আত্মরক্ষার নীতিতে থাকার কথা জানাল তেহরান।

টুইট প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানি কর্মকর্তা হত্যা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে তেহরান। তবে প্রতিপক্ষের মতো সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের পথে ইরান হাঁটবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই এসব কথা বলেন। তাঁর অভিযোগ, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে। একদিকে ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে গুপ্তহত্যা চালানো হচ্ছে, অন্যদিকে হামলার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিকেরা।

বাঘাই বলেন, এসব কর্মকাণ্ডের জবাবে ইরান বৈধ আত্মরক্ষা ও দৃঢ় প্রতিরোধের নীতি অনুসরণ করছে। তবে প্রতিপক্ষের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর কোনো প্রয়োজন নেই। একইভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পক্ষেও নয় তেহরান।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ ইতিমধ্যে তাদের নেতাদের ভুল ও বিপর্যয়কর সিদ্ধান্তের পরিণতি ভোগ করছে। তাই তাদের দুর্ভোগ আরও বাড়ানো উচিত নয়।

মার্কিন কর্মকর্তাদের সামরিক বাংকারে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ টেনে ইরানের এই মুখপাত্র বলেন, কয়েক দিন ধরে যুদ্ধে জয়ের দাবি করার পর এখন বাংকারে আশ্রয় নেওয়ার বিষয়টি মূলত জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা।

বাঘাইয়ের দাবি, মার্কিন জনগণ তাদের নেতাদের বক্তব্য ও মিথ্যাচারে বিরক্ত হয়ে পড়েছে। একই সঙ্গে তারা বুঝতে পারছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে।

ইরানের এই বক্তব্যে ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে তেহরানের কূটনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে। তবে বাঘাইয়ের অভিযোগগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা