রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিক সুইটসকে জরিমানা

মানসনদ ছাড়াই দই-মিষ্টি উৎপাদন ও বিক্রি, মোড়কে ছিল না প্রয়োজনীয় তথ্যও
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়া দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রির দায়ে অলিম্পিক সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই রাজশাহী।






