স্বজনহীন প্রসূতির পাশে মানবতার হাত বাড়ালেন ইউএনও সাবরিনা

স্বজনহীন প্রসূতির পাশে রাতেই ছুটলেন ইউএনও, দায়িত্ব নিলেন মা-নবজাতকের। স্বামী ও পরিবারের সহযোগিতা ছাড়াই দুই সন্তান নিয়ে সংগ্রাম করছিলেন রুমা; অ্যাম্বুলেন্স, চিকিৎসা, খাবার ও বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ইউএনও সাবরিনা শারমিন।
নিজস্ব প্রতিবেদক: সন্তান জন্ম দেওয়ার মতো কঠিন সময়ে পাশে ছিলেন না স্বামী, ছিলেন না মা-বাবা কিংবা কোনো স্বজন। প্রসব বেদনায় কাতর হয়ে সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রুমা খাতুন। স্বামী যোগাযোগ বন্ধ করে রেখেছেন, পরিবারের সঙ্গেও নেই সম্পর্ক। আগের দুই সন্তানকে নিয়ে এমনিতেই চলছিল তাঁর একার সংগ্রাম।
এরই মধ্যে ঘনিয়ে আসে তৃতীয় সন্তানের জন্মের সময়। এমন অসহায় মুহূর্তে খবর পেয়ে রাতেই রুমার বাড়িতে ছুটে যান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্স ও চিকিৎসার। শুধু সন্তান প্রসবের ব্যবস্থা করেই ক্ষান্ত হননি, মা ও নবজাতকের দায়িত্বও নেন তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর নিজেই তাঁদের বাড়িতে পৌঁছে দেন।
রুমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মামুন মন্ডল। রুমার ভাষ্য অনুযায়ী, স্বামী তাঁর ও সন্তানদের কোনো খোঁজখবর রাখেন না। এমনকি মুঠোফোন নম্বরও ব্লক করে রেখেছেন। অন্যদিকে, পরিবারের অমতে বিয়ে করায় মা-বাবার বাড়ির সঙ্গেও সম্পর্ক নেই তাঁর। বাবার বাড়িতে অসুস্থ বাবা থাকলেও সেখান থেকে সহযোগিতা পাওয়ার সুযোগ নেই। দুই সন্তানকে নিয়ে এমন অসহায় অবস্থার মধ্যেই তাঁর গর্ভে আসে আরেক সন্তান।
গত বুধবার (১১ নভেম্বর) প্রসবের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শারীরিক যন্ত্রণা নিয়ে সাহায্যের আশায় ইউএনও সাবরিনা শারমিনের কাছে যান রুমা। নিজের অসহায়ত্বের কথা জানিয়ে বলেন, তাঁর দুটি ছোট সন্তান রয়েছে, যাদের দেখাশোনা করার মতো কেউ নেই। সন্তান প্রসবের পর শিশুদের কী হবে, সেই চিন্তায়ও দিশেহারা ছিলেন তিনি।
বিষয়টি শুনে ইউএনও গর্ভের সন্তানের প্রসব ও চিকিৎসার জন্য লিখিত আবেদন করতে বলেন। রুমার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) রুমা আবারও ইউএনওকে ফোন করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরে রাত সাড়ে ৮টার দিকে রুমার বাড়িতে ছুটে যান সাবরিনা শারমিন। সেখানে তাঁর অবস্থা দেখে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। প্রথমে তাঁকে পোতাজিয়া হাসপাতালে নেওয়া হলেও সেখানে অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় পরে শাহজাদপুরের ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ১১টা ৪৫ মিনিটে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটে সফল অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন রুমা। নবজাতকের নাম রাখা হয় জান্নাত। তবে অস্ত্রোপচারের আগে রুমার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। আগের অস্ত্রোপচারের সেলাইও খুলে গিয়েছিল।
সন্তান জন্মের পরও রুমা ও তাঁর সন্তানদের দেখভালের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন ইউএনও। হাসপাতালে মায়ের সঙ্গে থাকা আগের দুই শিশুর দেখাশোনায় এগিয়ে আসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও হাসপাতালের নার্সরা।
এদিকে, মা ও শিশুদের জন্য প্রতিদিন নিজের বাসা থেকে খাবার পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও। নবজাতক জান্নাতকে কোলে তুলে আদরও করেন তিনি। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফাতেমা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক নাদিমও পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সরকারি ব্যবস্থাপনায় সহায়তা করা হয়।
হাসপাতালে চিকিৎসার বিল হয়েছিল ১৮ হাজার টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ ১০ হাজার টাকা গ্রহণ করে।
অবশেষে শনিবার (১৪ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় রুমা ও তাঁর নবজাতককে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েই দায়িত্ব শেষ করেননি ইউএনও সাবরিনা শারমিন। নিজেই তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং মা ও নবজাতককে বাসায় রেখে আসেন। পাশাপাশি তাঁদের সব খরচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হয়।
ইউএনও সাবরিনা শারমিন টুইট নিউজকে বলেন, “ওই নারীর অসহায়ত্বের কথা শুনে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। সন্তান প্রসবের মতো কঠিন সময়ে একজন নারীর পাশে স্বজনদের কেউ না থাকা সত্যিই কষ্টের। মা হওয়া অনেক কষ্টের। ওই নারীর পাশে কেউ ছিল না। তাঁর দুটি ছোট সন্তানও রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব।”






