রাজশাহী আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

জমি নিয়ে বিরোধের মামলায় হাজির হয়ে হামলার শিকার ইয়ামিন আলী; ইট, বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী আদালত চত্বরে ইয়ামিন আলী নামে এক আইনজীবীকে ইট, বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রতিপক্ষের লোকজন। রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন আইনজীবীরা। আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
আহত আইনজীবী ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় তিনি নিজেই বাদী। রোববার ওই মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। হামলাকারীরা মামলার আসামিপক্ষের লোকজন বলে জানা গেছে।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা করার জেরে এর আগেও একবার আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন অভিযুক্তরা। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ যথাযথ তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ফলে ঘটনার বিচার হয়নি।
তিনি বলেন, আগের ঘটনার যথাযথ বিচার হলে আজ নতুন করে এমন হামলার ঘটনা ঘটত না।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ কার্যালয়ের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন আইনজীবীরা।
নগরের রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা দায়ের হলে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হবে।






