সৌদিতে হুথি হামলার নিন্দা রাশিয়ার গ্র্যান্ড মুফতির

সৌদি নেতৃত্ব ও জনগণের প্রতি রুশ মুসলিমদের পূর্ণ সমর্থন; রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি।
টুইট ডেস্ক: সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি শেখ রাভিল গায়নাতুদ্দিন। একই সঙ্গে সৌদি আরবের নেতৃত্ব ও সাধারণ জনগণের প্রতি রাশিয়ার মুসলিমদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শেখ রাভিল গায়নাতুদ্দিন রাশিয়ার গ্র্যান্ড মুফতির পাশাপাশি দেশটির মুসলিম ধর্মীয় বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের সাম্প্রতিক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে ব্যাপক হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে অভিযান শুরু করার পর সংঘাতের তীব্রতা আরও বেড়েছে।
এদিকে রোববার (১৫ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুথিরা।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত এবং ভূপাতিত করা হয়েছে।
এর আগে ইয়েমেন সরকার দাবি করে, কয়েক ঘণ্টার ব্যবধানে হুথিদের লক্ষ্য করে প্রায় ৭২৩টি হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এর পরদিনই সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটল।
বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা অব্যাহত থাকলে ইয়েমেন সংঘাতের আঞ্চলিক প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্ক রয়েছে।






