রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ; মোবাইল ফোনের বার্তা ঘিরে তদন্ত
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলা দায়ের করা হয়। এরপর চট্টগ্রাম নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ দল।
যেসব অভিযোগে মামলা
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আবেদন পাঠানো হয়েছিল। অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর আলম নিজের মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিভিন্ন বার্তা পাঠাতেন। এর মধ্যে একটি বার্তায় লেখা ছিল—
“ডিসেম্বরে মানুষ মৌমাছির মতো রাস্তায় নামবে। ১৯৯৬ সালে যখন আমার বাবা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে খুব ছোট বয়সেই আমিও রাস্তায় নেমেছিলাম, স্যার। আমাদের বাংলাদেশকে উদ্ধার করতে হবে, স্যার…।”
এ ধরনের আরও কয়েকটি বার্তার কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বলে সিএমপির এক কর্মকর্তা জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন জব্দ
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। একই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
গত ১১ নভেম্বর তার আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে ডিআইজি গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন। তখন তিনি জানিয়েছিলেন, মোবাইল ফোন জব্দ করে তদন্ত চলছে। তবে সর্বশেষ সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জ আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, এসআরইউ মামলাটির তদন্ত করবে। এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।






