সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

শ্রাবণের ভুলে ৮৬ মিনিটে গোল হজম, ২৩ বছর পর সাফ শিরোপার স্বপ্ন শেষ।
টুইট প্রতিবেদক: ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সমানে সমান লড়াই করে শেষ পর্যন্ত মাত্র একটি ভুলে সেই স্বপ্ন ভেঙে গেল। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে হামজা চৌধুরীর দল। অন্যদিকে এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।
ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত দুই দলকে আলাদা করা যায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে দুই দলের গোলরক্ষকই ছিলেন ব্যস্ত। কিন্তু শেষদিকে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
গোল কিক না নিয়ে হাত দিয়ে বল বাড়িয়ে দেন শ্রাবণ। সেই বল পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড। পরে আব্দুল সামাদ শেহজাদের পায়ে বল গেলে তিনি দুর্দান্ত দক্ষতায় বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে শট নেন। শ্রাবণ ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি। বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে পাকিস্তান শিবির।
গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত চার মিনিট যোগ করা হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দল। এ সময় দর্শকদের ছোড়া ধোঁয়ার গোলার কারণে খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ।
প্রথমার্ধে সুযোগ পেয়েও গোলহীন বাংলাদেশ
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয় মিনিটে বাংলাদেশের ভুল পাস থেকে পাকিস্তানের আল উজাইর শট নিলেও তা ঠেকিয়ে দেন শ্রাবণ।
পাঁচ মিনিট পর কাজেম শাহর শটও আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। ২৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে বল পেয়ে রাকিব হোসেনের নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
এর দুই মিনিট পর আবারও বিপদে পড়ে বাংলাদেশ। রহমত মিয়ার ভুলে পাকিস্তানের আল উজাইর শট নিলেও শ্রাবণ দলকে রক্ষা করেন। ৩২ মিনিটে পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদের শটও পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ দিকে সুকির নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশ
বিরতির পর বাংলাদেশের খেলায় আগের মতো ধার দেখা যায়নি। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরীও কয়েকবার মেজাজ হারান। একাধিক ফাউলের কারণে পাকিস্তান আক্রমণের সুযোগ পায়।
৭৬ মিনিটে বক্সের সামনে হামজার ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে বিপজ্জনক শট নেয় পাকিস্তান। তবে দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন শ্রাবণ।
বাংলাদেশের কোচ ডুলি দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচের চিত্র বদলাতে পারেননি। রহমত মিয়ার পরিবর্তে বিশ্বনাথ এবং সুকির পরিবর্তে ইব্রাহিমকে মাঠে নামানো হয়। কিন্তু আক্রমণে প্রত্যাশিত গতি ফেরেনি।
অন্যদিকে সেমিফাইনালের আগে দলে যোগ দেওয়া পাকিস্তানের পাঁচ ফুটবলারও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরিকল্পিত আক্রমণ ও শক্তিশালী রক্ষণভাগ দিয়ে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করে পাকিস্তান।
শেষ পর্যন্ত শ্রাবণের ভুলের খেসারত দিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। হতাশা নিয়ে শেষ হয় সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার সাফ স্বপ্ন। আর ফাইনালে উঠে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করে পাকিস্তান।






