রাজনৈতিক ছত্রছায়ায় অপকর্মের ধারাবাহিকতা এখনো বহাল

আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের আহ্বান সুজন সম্পাদকের।

টুইট প্রতিবেদক: দেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সংঘটিত বিভিন্ন অপকর্মের ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তাঁর মতে, অতীতের তুলনায় কিছু ক্ষেত্রে মাত্রাগত পরিবর্তন এলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে নারায়ণগঞ্জের সুনাম থাকলেও সন্ত্রাস, দুর্নীতি ও নানা অপকর্মের কারণে জেলাটির নেতিবাচক পরিচিতিও রয়েছে। অতীতে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সাত খুন ও ত্বকী হত্যার মতো ঘটনাগুলো এ অঞ্চলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম সংঘটিত হয়েছে, সেগুলোর পৃষ্ঠপোষকতা এখনো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। পরিস্থিতির মাত্রায় কিছু পার্থক্য থাকলেও মূল সমস্যার সমাধান হয়নি।

রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশি ব্যবস্থা জরুরি
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সুজন সম্পাদক বলেন, পুলিশকে রাজনৈতিক নেতাদের খুশি করার প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে বাহিনীর দক্ষতা বাড়ানো এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের আন্তরিকতা থাকলেও মানুষের আস্থা ও উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের মধ্যে সততা, দায়িত্বশীলতা এবং নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

নাগরিকদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন
বদিউল আলম মজুমদার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না। রাষ্ট্রের মালিক হিসেবে নাগরিকদেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

তাঁর মতে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করলেও নাগরিকদের সহযোগিতা ছাড়া সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতার মতো সমস্যা মোকাবিলায় সচেতন নাগরিকদের শুধু আলোচনা নয়, বাস্তব উদ্যোগেও অংশ নিতে হবে।

সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

সুজনের সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।