সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত পরীক্ষা, সুষম খাবার ও শরীরচর্চার পরামর্শ

টুইট ডেস্ক : প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। আর যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।

তিনি বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। রোগটি অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি জটিলতা জীবনহানির কারণও হতে পারে।

তারেক রহমান বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপের পাশাপাশি সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে দেশের প্রতিটি মানুষ সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি।

বাণীতে তিনি জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।