উন্নয়নের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী

কাউখালীতে মিতিঙ্গাছড়ি সেতু উদ্বোধন, উপকৃত হবেন হাজারো মানুষ

বান্দরবান প্রতিনিধি : রাঙামাটির কাউখালী উপজেলায় মিতিঙ্গাছড়ি সেতুর উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার (১৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সেতুটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উন্নয়নের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাই সরকারের মূলমন্ত্র। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নয়ন নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনমান উন্নত করাও সরকারের লক্ষ্য।

তিনি বলেন, মিতিঙ্গাছড়ি সেতু কাউখালীর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। সেতুটি চালুর ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। পাশাপাশি তিনি সেতুটির যথাযথ রক্ষণাবেক্ষণে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, সেতুটির মাধ্যমে কাউখালীর সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সহজ হবে। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।

সেতু উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের দীর্ঘদিনের নৌকায় করে নদী পারাপারের দুর্ভোগ কমিয়ে সেতুটি যাতায়াত সহজ করবে বলে আশা করছেন তাঁরা। সেতুটি নির্মাণের জন্য সরকার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।