এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় ৮ জনের নাম

অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি, পুলিশের অভিযান অব্যাহত
টুইট ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে করা এ মামলায় আটজনের নাম উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
মামলায় নাম উল্লেখ করা আটজন হলেন—কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ সময় দুটি ছাগলও পুড়ে মারা যায়।
সংসদ সদস্যের অভিযোগ, এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






