শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলু ১২০ টাকা কেজি

সরবরাহ কম থাকায় বাড়তি দাম, ডিসেম্বরে কমার আশা বিক্রেতাদের
টুইট ডেস্ক : শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর কাঁচাবাজারে এখনো দাম চড়া। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন দেশি টমেটোর দাম ১৩০ টাকা এবং পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা। নতুন আলু ১২০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ ও ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে লম্বা বেগুন ৫০, গোল বেগুন ৬০, করলা ৭০ থেকে ৮০, বরবটি ৯০ এবং ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটোল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে ২০, লাউ ৫০ থেকে ৬০ এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি শসা ৮০ ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ ৫০, দেশি রসুন ৯০, বড় আকারের রসুন ১৮০ এবং আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ থেকে ৬০ টাকা। তবে শাকের দাম তুলনামূলক কম। লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও এখনো চাহিদার তুলনায় সরবরাহ কম। বিশেষ করে টমেটো, গাজর ও শিমের মতো আগাম সবজির দাম বেশি। পরিবহন খরচও দামের ওপর প্রভাব ফেলছে। ডিসেম্বরের দিকে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
বিক্রেতা ইসরাফিল আলম বলেন, শীতের প্রায় সব ধরনের সবজি বাজারে উঠতে শুরু করেছে। তবে মৌসুমের শুরুতে টমেটো, গাজর ও শিমের মতো আগাম সবজির দাম বেশি থাকে। সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমবে।
আরেক বিক্রেতা ফিরোজ মিয়া বলেন, শীতকালীন সবজির মৌসুম মাত্র শুরু হয়েছে। ডিসেম্বরের দিকে বাজারে সরবরাহ বাড়লে তুলনামূলক কম দামে বিক্রি করা সম্ভব হবে।
এদিকে বাড়তি দামে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, নতুন সবজি বাজারে উঠলেও দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। সাপ্তাহিক বাজার করতে আসা মাহমুদা খানম বলেন, নতুন সবজি দেখে কিনতে ইচ্ছা হলেও দাম শুনে আগ্রহ কমে যায়।
ক্রেতা আবদুস সোবহান বলেন, বাড়তি দামের কারণে প্রয়োজনীয় পণ্যও অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা দাম কমার আশ্বাস দিলেও সাধারণ মানুষকে প্রতিদিনই বাজার করতে হয়।
অন্যদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। তবে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।






