পাকিস্তানের কিনো রপ্তানিকারকদের প্রবেশাধিকার দিল উজবেকিস্তান

আফগান সীমান্ত বন্ধ থাকায় মধ্য এশিয়ার এই বিকল্প বাজারটি পাকিস্তানের সাইট্রাস ফল রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে; আগের মৌসুমে এই অনুমোদন পেয়েছিলেন মাত্র ৮ জন রপ্তানিকারক।
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন কিনো (কমলা ও সাইট্রাস জাতীয় ফল) রপ্তানি মৌসুমকে সামনে রেখে পাকিস্তানের ১৮৪ জন রপ্তানিকারক এবং ৩৯টি প্যাকহাউসকে নিজেদের বাজারে প্রবেশাধিকার দিয়েছে উজবেকিস্তান।
উজবেকিস্তানের ফুড সেফটি কমিটি সম্প্রতি এই অনুমোদন দিয়েছে বলে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন (Dawn) ও বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
পূর্ববর্তী মৌসুমে উজবেকিস্তানের বাজারে প্রবেশের অনুমতি পেয়েছিলেন পাকিস্তানের মাত্র ৮ জন রপ্তানিকারক। এবার সেই সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কৃষি ও ফল রপ্তানি খাতে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্রোটেকশন (DPP)-এ নিবন্ধিত রপ্তানিকারকরা নির্ধারিত নিয়ম ও ফাইটোস্যানিটারি (উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা) শর্তাবলি পূরণ সাপেক্ষে উজবেকিস্তানে কিনো রপ্তানি করতে পারবেন।
আফগান সীমান্ত সংকট ও বিকল্প বাজারের গুরুত্ব
গত বছরের (২০২৫) অক্টোবর থেকে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকার কারণে পাকিস্তানের ঐতিহ্যবাহী ফল রপ্তানি বাজার বড় ধরনের চাপের মুখে পড়েছে। পরিবহন ও ট্রানজিট জটিলতায় রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।
এমন পরিস্থিতিতে মধ্য এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তানের এই উদার নীতি এবং বিপুলসংখ্যক রপ্তানিকারককে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প বাজার হিসেবে কাজ করবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।






