রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যায় আসামি লিমনের মৃত্যুদণ্ড

বিচারকের বাসায় ঢুকে ১৫ বছরের তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রীকেও হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলে তাওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় লিমন মিয়া (৩৪) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি জানান, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে লিমন মিয়া ছুরিকাঘাতে তাঁর ছেলে তাওসিফ রহমান তৌসিফকে হত্যা করেন। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও আহত করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারী লিমন মিয়াও আহত হন।

পরে বিচারকের স্ত্রী ও লিমন মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডের পরদিন লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় লিমন মিয়াকে মৃত্যুদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।