টিসিবির নতুন ডিলার নিয়োগে বাধা কাটল

- হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত, নিয়োগ কার্যক্রম চালাতে আর আইনগত বাধা নেই।
টুইট প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই। নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম চালিয়ে নিতে আর কোনো আইনগত বাধা থাকছে না।
আইনজীবীদের তথ্যমতে, টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫-এর ৬(ঝ) ধারার ৩ নম্বর উপধারার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট।
পরবর্তী সময়ে বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালতে গড়ায়। বুধবারের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত হওয়ায় টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ খুলেছে।
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
আদালতের এ আদেশের ফলে পাবনা অঞ্চলে টিসিবির নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনরায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।






