২৪২ রানের ইনিংসও ছিল কল্পনার বাইরে, আক্ষেপ জয় না পাওয়ায়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। ব্যক্তিগত সর্বোচ্চ ২৪২ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে এমন স্মরণীয় ইনিংসের পরও ম্যাচ জিততে না পারার আক্ষেপ রয়ে গেছে এই ডানহাতি ব্যাটারের।

টুইট প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন হৃদয়। তিনি বলেন, দলের সংকটময় মুহূর্তে অবদান রাখতে পেরে ভালো লাগছে। তবে ম্যাচটি জিততে পারলে আনন্দ আরও বেশি হতো।

নিজের এমন ইতিহাসগড়া ইনিংস সম্পর্কে হৃদয় জানান, এত বড় ইনিংস খেলতে পারবেন, তা আগে নিজেও ভাবেননি। প্রত্যেক খেলোয়াড়ই নিজের সেরাটা দিতে চান। নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন তিনি। তার ভাষায়, ‘আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল।’

ব্যক্তিগত অর্জনের হিসাব নিয়েও বাড়তি আক্ষেপ করতে চান না হৃদয়। ২৫০ রান কিংবা সেঞ্চুরির মতো মাইলফলক ছুঁতে না পারার চিন্তা না করে যা অর্জন করেছেন, তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় জানিয়েছেন।

মাঠে দর্শকদের উপস্থিতি ও সমর্থনও হৃদয়কে অনুপ্রাণিত করেছে। তার মতে, দেশের প্রতিনিধিত্ব করার সময় মানুষের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। পাঁচ দিনের টেস্ট ম্যাচে দর্শকেরা নিয়মিত মাঠে এসে দলকে সমর্থন করলে তা শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলকেই উজ্জীবিত করে।

২৪২ রানের ইনিংসে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হৃদয়। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন তিনি। তার কথায় স্পষ্ট, রেকর্ড গড়ার আনন্দ থাকলেও জয় না পাওয়ার আক্ষেপই বেশি।