নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক

আওয়ামী লীগের কর্মকাণ্ডের রাজনৈতিক ভিত্তি নেই দাবি করে ইশরাকের হুঁশিয়ারি, এলাকায় এলাকায় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার আহ্বান।

টুইট ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতামূলক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ইশরাক হোসেন।

তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগের হরতাল মানে না। সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও হরতালের দৃশ্য দেখা যায়নি।

ইশরাক বলেন, দেশের জনগণকে নিজেদের অবস্থান জোরালোভাবে ধরে রাখতে হবে। নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশে পুলিশের সংখ্যা তুলনামূলক কম। ফলে পুলিশের একার পক্ষে সব পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। এ কারণে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবেন।

এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইশরাক বলেন, বন্দিবিনিময়ের মাধ্যমে তাঁকে দেশে ফেরাতে চায় সরকার। এ জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম শুরু হয়েছে। গণহত্যার আসামি হিসেবে তাঁকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে।