চিকিৎসা-শিক্ষায় ডলার ছাড় দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ, স্কুল-কলেজ ও অনলাইন শিক্ষায় মিলবে অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা
নিজস্ব প্রতিবেদক: বিদেশে চিকিৎসা ও পড়াশোনাসহ ব্যক্তিগত প্রয়োজনে বৈদেশিক মুদ্রা (ডলার) পাঠানোর নিয়মে বড় ধরনের নমনীয়তা ও ছাড় এনেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অনাবাসিক ও আবাসিক বাংলাদেশিদের জন্য রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (RFCD) হিসাবে অর্থ জমার ক্ষেত্রে নতুন বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (FEPD-2) থেকে এ-সংক্রান্ত নির্দেশনাসংবলিত ‘এফইপিডি-২ সার্কুলার নম্বর-১১’ জারি করে দেশের সব অনুমোদিত ডিলারের (Authorized Dealers) কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসা খরচে দ্বিগুণ ডলার পাঠানোর সুযোগ
আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া চিকিৎসার জন্য ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পাঠানো যেত। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন ব্যাংকগুলো কোনো পূর্বানুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অবমুক্ত করতে পারবে।
বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়ার সুযোগ
বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে আগে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Secondary and Higher Secondary) সমমানের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই অনুমোদিত ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা অবমুক্ত করতে পারবে। তবে এ ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমটি বিনামূল্যে (Free Education) কি না, তা যাচাই করার শর্ত রাখা হয়েছে।
দূরশিক্ষণ ও অনলাইন কোর্সেও ডলার ছাড়
পেশাগত বা সার্টিফিকেট কোর্সের পাশাপাশি এখন দূরশিক্ষণ (Correspondence Courses) বা অনলাইন প্রগ্রামের মাধ্যমে সাধারণ ও নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ মেটাতেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা অবমুক্ত করা যাবে।
আরএফসিডি (RFCD) অ্যাকাউন্টে অর্থ জমার নতুন শর্ত
ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা ছাড়ের সুবিধা বাড়ানোর পাশাপাশি আবাসিক বাংলাদেশিদের ফরেন কারেন্সি ডিপোজিট (RFCD) অ্যাকাউন্টে নগদ বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে নতুন শর্ত দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে নিয়ম অনুযায়ী ‘ফর্ম এফএমজে’ (Form FMJ)-তে ঘোষণা বা ডিক্লারেশন দেওয়া বৈদেশিক মুদ্রাই কেবল এ অ্যাকাউন্টে জমা (Credit) করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, পূর্বের ফরেন এক্সচেঞ্জ সার্কুলার নম্বর ৪০ (তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করে এ নীতি বাস্তবায়ন করা হয়েছে। তবে অন্যান্য প্রচলিত নিয়ম অপরিবর্তিত থাকবে।
নির্দেশনাপত্রটিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মুনিরা ইসলাম।






