লেবাননে ৪৮৬ প্রবাসী বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী

বৈরুতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন; চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (৮ নভেম্বর) বৈরুতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস, বৈরুতের সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সংগ্রাম (বিএনএস সংগ্রাম) সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় বানৌজা সংগ্রাম ও ব্যানকন-১৬-এর মেডিকেল টিম প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেয় এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ ক্যাম্পেইনে মোট ৪৮৬ জন প্রবাসী বাংলাদেশি চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ২৪৯ জন পুরুষ এবং ২৩৭ জন নারী।
চিকিৎসাসেবা গ্রহণকারী প্রবাসীরা এ মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান।
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশের মাটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও মানবিক সহায়তায়ও বাংলাদেশ নৌবাহিনী ভূমিকা রেখে চলেছে। প্রবাসীদের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।







