আট বছর চাকরি পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন প্রভাষকরা

পদোন্নতি ছাড়াই উচ্চতর বেতন গ্রেড, আবেদন জমার শেষ সময় ১২ নভেম্বর।
টুইট প্রতিবেদক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকদের জন্য অষ্টম গ্রেড পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই পদে চাকরির আট বছর পূর্ণ হলে পদোন্নতি ছাড়াই পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন যোগ্য কর্মকর্তারা। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যোগ্য প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে দুই সেট আবেদন জমা দিতে হবে। অধিদপ্তরের পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে এসব আবেদন গ্রহণ করা হবে।
রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (ক-৪) মো. রফিক আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অনুচ্ছেদ ৬-এর উপঅনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়াই একই পদে আট বছর চাকরি পূর্ণ করলে এবং তাঁর চাকরিকাল সন্তোষজনক হলে নবম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।
এ বিধান অনুযায়ী, নবম গ্রেডের যেসব প্রভাষক একই পদে আট বছর চাকরি পূর্ণ করেছেন, তাঁদের নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। আবেদনে কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, পদবি, বিষয়, কর্মস্থল, প্রথম যোগদানের তারিখ, আট বছর পূর্তির তারিখ এবং উচ্চতর গ্রেড পাওয়ার প্রাপ্যতার তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার নিজস্ব আবেদন, অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের অগ্রায়ণপত্র, ক্যাডারে প্রথম যোগদানের আদেশ, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন, নিয়োগ ও পদায়নের আদেশ এবং নিয়মিতকরণের আদেশ সংযুক্ত করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা চলমান নেই, এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রও জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য যোগ্য প্রভাষকদের নির্দেশনা দিয়েছে মাউশি।






