টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার

দুই পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার; পালিয়েছে চক্রের সদস্যরা
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চক্রের সদস্যরা পালিয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত এফডিএমএন ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে মানবপাচারকারী দলের গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত, মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ডাকাত এবং সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।






