বাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বাজারে অনিয়ম ঠেকাতে কঠোর বাগমারার প্রশাসন। অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১৫ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে ৫ হাজার টাকা অর্থদণ্ড।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫১ ধারায় এ জরিমানা করেন।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের অধিকার রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।






