রিয়াদে একের পর এক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার মধ্যে সৌদি রাজধানীতে আতঙ্ক, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর
বিশ্ব ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার (৮ নভেম্বর) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় এর আগে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। একই সময়ে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জ্বালানি স্থাপনা, সামরিক স্থাপনা ও বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুতিদের ছোড়া রিয়াদমুখী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে। পরে রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহতের কথাও জানায় জোটটি।
এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি সিভিল ডিফেন্স বিভিন্ন এলাকায় আগাম সতর্কবার্তা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে রিয়াদে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনার সরাসরি সম্পর্ক কিংবা এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতায় সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। দেশটির বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনায় নিতে বলা হয়েছে।
পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্য ও ক্ষয়ক্ষতির তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, সৌদি গেজেট ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।







