পোল্যান্ডে বন্দুকধারীর গুলি, নিহত ৫

ক্রাকোর ব্যস্ত মার্কেট স্কয়ারে অতর্কিত হামলা; আহত অন্তত ১২, গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্য।
টুইট প্রতিবেদক: পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোর ব্যস্ত মার্কেট স্কয়ারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। আহতদের মধ্যে পুলিশের দুই সদস্যও রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী একটি গাড়িতে করে মার্কেট স্কয়ারে এসে অতর্কিতে গুলি চালাতে শুরু করেন। এতে জনবহুল এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী সামরিক বাহিনীর পোশাক পরিহিত ছিলেন। তাকে আটক করার চেষ্টা করলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবারও গুলি ছোড়েন। এতে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন।
একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
পোল্যান্ডের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘটনার তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার উদ্দেশ্য এবং নিহত-আহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর মার্কেট স্কয়ার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: বিবিসি






