শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর, ‘টিকিটও দেবো’

মানুষ হত্যা ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সহিংসতার অভিযোগে বিচারের মুখোমুখি হতে দেশে ফেরার আহ্বান; প্রয়োজনে টিকিট দেওয়ার কথাও বললেন ইয়াসের খান চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে শেখ হাসিনার দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, “আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন, প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেবো।”
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারী ও শিশুসহ মানুষের রক্ত ঝরানোর ঘটনায় জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কোনো পক্ষ ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
নান্দাইলের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে ইয়াসের খান চৌধুরী জানান, এলাকায় ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে এবং আরও ১০৪টি রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক সংস্কারের অনুদান আনা হয়েছে।
তিনি আরও জানান, গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর দেওয়া হয়েছে। চলতি বছরে আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণ এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়া চলছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি-সমর্থিত প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সমাবেশে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি জনগণের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তাদের সেবা করতে চান।
নান্দাইলের স্থানীয় চণ্ডীপাশা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।






