দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত পরিবেশনা ও পুরস্কার বিতরণ; জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনওর।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা এমএ মতিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল কাদীর।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলু, উপজেলা মডেল মসজিদের ইমাম আলামীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্য ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অস্তিত্ব রক্ষার প্রয়াস দৃশ্যমান হয়েছিল।

তিনি বলেন, এ দিনের অন্যতম শিক্ষা হলো জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা। দুর্গাপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মতনির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।