সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে ডিএমপির নির্দেশনা, ৮ নভেম্বর মধ্যরাত থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা
টুইট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা এর অন্তর্ভুক্ত।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাতেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পাশাপাশি ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
সংসদের অধিবেশন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।






