কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

গচিহাটা বাজারে বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে; আহত শাহরিয়ার জামানকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরে পাঠানো হয়।

টুইট ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানা (৪০)।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শাহরিয়ানের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত এবং হামলার কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।