বান্দরবানে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিলেন বম নারী

প্রসবযন্ত্রণায় হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই সন্তান প্রসব, মা ও নবজাতক দুজনই সুস্থ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছেন।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুনসুং পাড়ায় ওই নারী প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন। এ সময় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হয়। তবে পথিমধ্যে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। এ সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।

পরে সেনাবাহিনীর সদস্যরা মা ও নবজাতককে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাহাড়ের দুর্গম পথে জরুরি মুহূর্তে সেনাবাহিনীর এমন সহযোগিতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।