শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

টুইট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় নবনির্বাচিত দুই সদস্যকে শপথ পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাঁকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এ বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়েছে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।