আজ সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দুই দিনব্যাপী প্রদর্শনী, থাকছে চারটি সেমিনার

টুইট ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে ৩ ও ৪ নভেম্বর দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এক্সপোটি।

এর আগে রোববার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের পর বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করবেন।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

এক্সপোতে সৌরবিদ্যুতের সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে এর অংশ বাড়ানো এবং ছাদ ও অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করার বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নে সহায়তা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি, সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ঋণ এবং সৌরচালিত সেচব্যবস্থাসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ ও অংশীদারত্ব গড়ে তুলতে অর্থায়নের সুযোগও তুলে ধরা হবে। এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা ও সাধারণ ভোক্তারা অংশ নেবেন।