সিরাজদিখানে বালুভর্তি ট্রাকের চাপায় নিহত ২, আহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
টুইট প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হাশেম বেপারী (৭০) নামে আরও এক বৃদ্ধ আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেকবর আলী সরকার রামানন্দন গ্রামের বাসিন্দা। অপর নিহত কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার বাসিন্দা। আহত হাশেম বেপারীও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কী ঘটেছে, তা আর বলতে পারেননি।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়েছিল।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






