বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন বিএনপির এলিজা জামান

সংরক্ষিত নারী আসন-২৩-এ একক প্রার্থী, চূড়ান্ত তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

টুইট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাঁকে নির্বাচিত ঘোষণা করার প্রক্রিয়ার অংশ হিসেবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। পরবর্তী যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঘোষিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ওই সময়ের মধ্যে এলিজা জামান মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুযায়ী চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়।

এর আগে সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য ছিলেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম জড়িয়ে অভিযোগ ওঠে।

ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন বলে জানা যায়।

পরবর্তী সময়ে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এরপর শূন্য আসনে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া শেষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংরক্ষিত নারী আসন-২৩-এ এলিজা জামানের সংসদ সদস্য হওয়ার পথ সুগম হয়।