জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিল্পকারখানা সচল রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ
টুইট ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান সচল রাখার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ও রাজধানীর মিরপুরে সংঘর্ষের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
এদিকে ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, একটি মহল ডিসেম্বরকে কেন্দ্র করে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে এ ধরনের রাজনৈতিক অপচেষ্টা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।






