শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

টুইট ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের টানা আন্দোলন ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তাঁদের সঙ্গে দায়িত্ব পালন করবেন ২১ জন নির্বাহী হাকিম।

সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, ২১ জন নির্বাহী হাকিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে গুরুত্বপূর্ণ দুটি মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশের বিরুদ্ধে পুলিশ বক্স, কারখানার গুদাম ও একটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে শ্রমিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন সাংবাদিকও। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

চলমান অস্থিরতার কারণে নিরাপত্তার স্বার্থে প্রায় ১০০টি শিল্পকারখানায় সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে একদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি, অন্যদিকে শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি শ্রমিক অসন্তোষের শান্তিপূর্ণ সমাধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।