এপিএল ড্রাফটে ১০ বাংলাদেশি ক্রিকেটার

প্লাটিনাম ও ডায়মন্ড, দুই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ দলের আফগানিস্তান প্রিমিয়ার লিগের খেলোয়াড় ড্রাফট।
টুইট প্রতিবেদক: আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরকে সামনে রেখে খেলোয়াড় ড্রাফটের প্রস্তুতি চূড়ান্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী ৩ নভেম্বর পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্রাফটের আগে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।
প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তাঁদের সঙ্গে এই তালিকায় আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো আন্তর্জাতিক তারকা।
অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই বিভাগে উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি।
ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে আয়োজকরা। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া।
দলগুলোর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।
এ ছাড়া প্রধান কোচ হিসেবে থাকবেন মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ। টুর্নামেন্টের দূত হিসেবে দায়িত্ব পালন করবেন তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস।
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে এপিএলের উদ্বোধনী আসর। বাংলাদেশের ১০ ক্রিকেটারের এই তালিকাভুক্তি ড্রাফটে দেশের ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনাকে নতুন করে আলোচনায় এনেছে।






