উলশী খাল খননের ৫০ বছর, নতুন করে প্রাণ ফেরানোর উদ্যোগ

স্বেচ্ছাশ্রমে গড়া ঐতিহাসিক প্রকল্পের পুনঃখননে কৃষি ও সেচব্যবস্থায় নতুন সম্ভাবনা

টুইট ডেস্ক : গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জনসম্পৃক্ততার ঐতিহাসিক দৃষ্টান্ত যশোরের উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্বোধন করা এই প্রকল্প পরবর্তী সময়ে স্বেচ্ছাশ্রমভিত্তিক গ্রামীণ উন্নয়নের ‘উলশী মডেল’ হিসেবে পরিচিতি পায়।

রোববার (১ নভেম্বর) প্রকল্পটির সুবর্ণজয়ন্তী পূর্ণ হলো। পাঁচ দশক আগে খাদ্য ঘাটতি, জলাবদ্ধতা ও সেচ সংকট মোকাবিলায় যশোরের শার্শা উপজেলায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছিল।

স্থানীয় কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ বিনা পারিশ্রমিকে কোদাল ও ঝুড়ি নিয়ে খননকাজে অংশ নেন। প্রায় ছয় মাসের প্রচেষ্টায় খালটি খনন সম্পন্ন হয়।

এর ফলে উত্তর শার্শার পাঁচটি বড় বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি হয় এবং প্রায় ২২ হাজার একর জমিতে চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়। খালের দুই পাশে স্থাপন করা হয় প্রায় ২০টি সেচপাম্প। এতে ইরি-বোরো ধানের আবাদ সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে পরিবর্তন আসে।

স্থানীয় প্রবীণ বাসিন্দা আবদুল বারিক মণ্ডলের স্মৃতিচারণ অনুযায়ী, উদ্বোধনের দিন জিয়াউর রহমান নিজেও কোদাল হাতে মাটি কাটেন এবং খননকাজে অংশ নেন। ঘটনাটি আজও স্থানীয় মানুষের স্মৃতিতে রয়েছে।

তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক খালটি পলিতে ভরাট হয়ে পড়ে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দেয়।

এ অবস্থায় খালটির পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল হাতে মাটি কেটে উলশী-যদুনাথপুর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, চার কিলোমিটার খাল পুনঃখননে প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছিল।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নতি ঘটবে। পাশাপাশি কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

পাঁচ দশক আগে সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই প্রকল্পের পুনরুজ্জীবন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণেরও সুযোগ তৈরি করেছে।