১৫ কোটি টাকায় নতুন রূপ পাচ্ছে জিয়া উদ্যান

সমাধিসৌধ, জাদুঘর ও লেক সংস্কারসহ ২১ প্রকল্প, ডিসেম্বরেই কাজ শেষের লক্ষ্য

টুইট ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ঐতিহাসিক জিয়া উদ্যানকে আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তুলতে ব্যাপক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ ঘিরে প্রায় ১৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ২১টি পৃথক উন্নয়নকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অধিকাংশ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উন্নয়ন পরিকল্পনায় রয়েছে সমাধিসৌধের মূল অবকাঠামো সংস্কার, জিয়া স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার আধুনিকায়ন, ক্রিসেন্ট লেকের অকেজো ফোয়ারা সচল করা, হাঁটার পথ নির্মাণ এবং দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানি ও শৌচাগারের ব্যবস্থা।

প্রতিবেদন অনুযায়ী, জিয়া স্মৃতি জাদুঘর, সংরক্ষণাগার ও গ্রন্থাগারের সংস্কার এবং আসবাবপত্র কেনায় বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩ কোটি ২ লাখ টাকা। দুই প্রয়াত নেতার সমাধিস্থলের মার্বেল ও গ্রানাইট সংস্কারসহ আনুষঙ্গিক কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।

এ ছাড়া ক্রিসেন্ট লেকের ফোয়ারা সংস্কারে প্রায় ১ কোটি ৪৯ লাখ টাকা এবং গভীর নলকূপ ও পানি সরবরাহব্যবস্থা স্থাপনে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।

দর্শনার্থীদের সুবিধার্থে উদ্যানের পূর্ব ও পশ্চিম পাশে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক শৌচাগার নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি পুকুরপাড়ে নতুন হাঁটার পথ, লেকের সেতু সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তা ও আধুনিক সুবিধা নিশ্চিত করতে সমাধিসৌধ এলাকার মসজিদ, মিলনায়তন, জাদুঘর ও গ্রন্থাগারে নজরদারি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মিলনায়তনে আধুনিক আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও বড় পর্দা সংযোজনের কাজও চলছে।

১৯৮১ সালে জিয়াউর রহমানকে সমাহিত করার পর এলাকাটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব পায়। বিভিন্ন সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে উদ্যানটির নামও পরিবর্তিত হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে সেখানে সমাহিত করার পর সমাধিসৌধ এলাকাটির গুরুত্ব আরও বেড়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, জিয়া উদ্যান ও সমাধিসৌধের সংস্কারকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে নতুন অবকাঠামো যুক্ত করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই বড় অংশের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময়ে মানসম্মত সংস্কারকাজ সম্পন্ন হলে জিয়া উদ্যানের পরিবেশ ও দর্শনার্থীসেবা উন্নত হবে। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণব্যবস্থাও আরও সুসংহত হবে।