সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসিতে পাসের হার ৯৬.৫১%, জিপিএ-৫ পেল ৩,৬১৯ জন

৫১টি প্রতিষ্ঠানের ১৮ হাজার ৪০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৭ হাজার ৪১০ জন

টুইট ডেস্ক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। ক্যাডেট কলেজ বাদে সেনাবাহিনী পরিচালিত ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শনিবার প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২৭ জনসহ মোট ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৪১০ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৬১৯ জন জিপিএ-৫ পেয়েছে। মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ অর্জনের হার ২০ দশমিক ৭৯ শতাংশ।

সেনাবাহিনী পরিচালিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এ সাফল্যের পেছনে শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং মানসম্মত পাঠদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টাও এ অর্জনে ভূমিকা রেখেছে।

এ ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের দক্ষ নেতৃত্ব, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতাকে এ সাফল্যের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।