ভারতের বিপক্ষে স্যান্টনারের নতুন রেকর্ড

ইশ সোধিকে ছাড়িয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি এখন স্যান্টনার; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
টুইট প্রতিবেদক: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। একই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকও অতিক্রম করেছেন এই কিউই স্পিনার।
শুক্রবার অকল্যান্ডে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২৪ রান খরচায় ২ উইকেট নেন স্যান্টনার। তার শিকার হন অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডি। এই দুই উইকেটের সুবাদে ভারতের বিপক্ষে তার মোট উইকেটসংখ্যা দাঁড়ায় ৩২-এ। এর আগে ৩০ উইকেট নিয়ে রেকর্ডটির মালিক ছিলেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন স্যান্টনার। তার বোলিং গড় ২৬.০৬। এক ইনিংসে চার উইকেট নেওয়ার কীর্তি রয়েছে দুবার। সেরা বোলিং ১১ রানে ৪ উইকেট।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হয়েছেন স্যান্টনার। ১৪২ ম্যাচে তার শিকার ১৫১ উইকেট। বোলিং গড় ২৩.০৯। চার উইকেট নিয়েছেন চারবার।
তবে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখনো স্যান্টনারের ওপরে রয়েছেন ইশ সোধি ও টিম সাউদি। সোধির উইকেটসংখ্যা ১৬৫। অন্যদিকে ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাউদি।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের জয়ের ম্যাচে এমন দুটি মাইলফলক স্পর্শ করে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিলেন স্যান্টনার।






