যুব এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র উপশিরোনাম:

১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, অধিনায়ক লক্ষ রাইচান্দানি; ৪ নভেম্বর ওমানে শুরু হবে প্রতিযোগিতা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত দলে জায়গা পেয়েছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়। এবারের প্রতিযোগিতায় ভারতীয় যুব দলকে নেতৃত্ব দেবেন লক্ষ রাইচান্দানি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যশবর্ধন চৌহান।

আগামী ৪ থেকে ১৪ নভেম্বর ওমানের মাসকাটে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

টুর্নামেন্টের আগে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় যুবারা। সর্বশেষ সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। এরপর এক দিনের সিরিজেও অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক লক্ষ রাইচান্দানি।

তিন ইনিংসে তাঁর সংগ্রহ ২৫০ রান। প্রথম ম্যাচেই খেলেছেন ২৪০ রানের অসাধারণ ইনিংস। অন্যদিকে এক দিনের সিরিজে ভারতের সেরা ব্যাটার ছিলেন সহ-অধিনায়ক যশবর্ধন চৌহান। দুই ইনিংসে ১৭৬ রান করার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন শতক।
দলে জায়গা পাওয়া আর্যবীর শেবাগও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজের তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ২৮, ৪৭ ও ৩৪।

উইকেটরক্ষক হিসেবে ভারতের প্রথম পছন্দ অন্বয় দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে তাঁর সংগ্রহ ৩৮ ও ৯ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এক দিনের সিরিজের শেষ ম্যাচে ৬৭ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতের ১৫ সদস্যের দল: লক্ষ রাইচান্দানি (অধিনায়ক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটরক্ষক), রজত বাঘেল (উইকেটরক্ষক), ভি. যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।