পাকিস্তানের নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস

ব্যর্থতার দায়ে ওয়াহাব রিয়াজের অধ্যায়ের অবসান, প্রধান কোচের দায়িত্বে বিদেশি কাউকে নিয়োগের পরিকল্পনা পিসিবির।
টুইট প্রতিবেদক: পাকিস্তানের নারী ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে প্রধান কোচের দায়িত্বে বিদেশি কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। এ ক্ষেত্রে সাবেক টেস্ট পেসার ওয়াহাব রিয়াজের দায়িত্বের মেয়াদও শেষ হতে যাচ্ছে।
শুক্রবার বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, নারী দলের প্রধান কোচ নিয়োগের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তারা।
গত বছরের নভেম্বরে তৎকালীন প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে দেওয়ার পর ডিসেম্বরে নারী দলের মেন্টর হিসেবে দায়িত্ব পান ওয়াহাব রিয়াজ। তবে তাঁর তত্ত্বাবধানে সাম্প্রতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাশিত উন্নতি দেখাতে পারেনি পাকিস্তান।
এ পরিস্থিতিতে দলের দায়িত্বে বিদেশি কোচ আনার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বোর্ড। বিশেষ করে ২০২৮ সালে নিজেদের মাটিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি সামনে রেখে এখন থেকেই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তুলতে চায় পাকিস্তান।
অতীতে ডেভিড হেম্প ও মার্ক কোলসের মতো বিদেশি কোচের অধীনে পাকিস্তানের নারী দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। তবে কোচ পরিবর্তনের ধারাবাহিকতায় স্থিতিশীলতা পায়নি দলটি। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ছয়জন ভিন্ন কোচ দায়িত্ব পালন করেছেন।
নতুন কোচ নিয়োগের মাধ্যমে সেই অস্থিরতা কাটিয়ে ২০২৮ বিশ্বকাপের আগে একটি শক্তিশালী দল গড়ে তোলাই এখন পিসিবির প্রধান লক্ষ্য।






