নিশো-চঞ্চল-তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’

প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় বড় তারকাদের নিয়ে আসছেন নির্মাতা ভিকি জাহেদ। মনস্তাত্ত্বিক রহস্যনির্ভর গল্পে থাকছেন প্রিয়াঙ্কা সরকারসহ দেশ-বিদেশের একঝাঁক অভিনয়শিল্পী।
টুইট প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রে নতুন সংযোজন হতে যাচ্ছে মনস্তাত্ত্বিক রহস্যনির্ভর সিনেমা ‘খলনায়ক’। নির্মাতা ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জার মতো জনপ্রিয় তারকারা। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের আরও একঝাঁক গুণী অভিনয়শিল্পী।
‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো চলচ্চিত্রের পর নতুন এই আয়োজন নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হচ্ছে ভিকি জাহেদের।
সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। নারীপ্রধান চরিত্রে অভিনয় করবেন তমা মির্জা। এ ছাড়া অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, তুষার খান ও সেন্টু। বিশেষ একটি চরিত্রে থাকছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন চিত্রগ্রাহক শুভঙ্কর ভড়। শিল্প নির্দেশনা ও প্রযোজনার নকশায় কাজ করছেন ভারতের শিল্প নির্দেশক শিবাজী পাল। তাঁদের অভিজ্ঞতায় চলচ্চিত্রটিতে আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন তুলে ধরার প্রত্যাশা প্রযোজনা প্রতিষ্ঠানের।
নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘খলনায়ক’ শুধু একটি গল্প নয়, মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণশৈলীর প্রতিটি ক্ষেত্রে দর্শকেরা ভিন্নতা দেখতে পাবেন। নিশো ও চঞ্চলের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করা তাঁর জন্য আনন্দের পাশাপাশি বড় চ্যালেঞ্জ।
আফরান নিশো জানিয়েছেন, ভিকি জাহেদের গল্প বলার ধরন অন্যদের চেয়ে আলাদা। চিত্রনাট্য শোনার পরই তাঁর মনে হয়েছে, এটি একটি ব্যতিক্রমী মনস্তাত্ত্বিক গল্প। অন্যদিকে চঞ্চল চৌধুরীর কাছে সিনেমাটির চরিত্রটি বেশ জটিল ও আকর্ষণীয় মনে হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি আশা প্রকাশ করেছেন, একঝাঁক তারকা ও দক্ষ নির্মাণদলের সমন্বয়ে তৈরি সিনেমাটি দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের মন জয় করবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দর্শকের চাহিদা ও চলচ্চিত্রের গুণগত মানকে গুরুত্ব দিয়েই ‘খলনায়ক’ নির্মাণ করা হচ্ছে। বাংলা ভাষার দর্শকদের জন্য বিশ্বমানের মনস্তাত্ত্বিক রহস্যচলচ্চিত্র উপহার দেওয়াই তাঁদের লক্ষ্য।
উল্লেখ্য, ‘খলনায়ক’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। সিনেমাটির মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও প্রচারসামগ্রী শিগগিরই প্রকাশ করা হবে।






