বাগমারায় অপরাধ দমনে সক্রিয় প্রশাসন, কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মাদকবিরোধী অভিযান ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ, থানায় জিডি
বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় মাদকবিরোধী অভিযান, অবৈধ পুকুর খনন বন্ধ এবং অপরাধ দমনে প্রশাসনের তৎপরতার মধ্যে উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে একটি ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সংশ্লিষ্ট আইডি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে লক্ষ্য করে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে নেতিবাচক মন্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। প্রশাসনের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বাগমারার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও পুলিশ। তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভাসহ গোয়ালকান্দি, বড়বিহানালী ও গণিপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়। এ ছাড়া ইয়াবাসহ কয়েকজন মাদক কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পুকুর খনন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অর্থ গ্রহণ ও পক্ষপাতমূলক সুবিধা দেওয়ার অভিযোগও প্রচার করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রচারণায় উল্লেখ করা কয়েকটি পুকুরে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেওয়া হয়েছে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তার বিষয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে। কর্মকর্তাদের ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে মঙ্গলবার রাতে একটি ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। আইডিটি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের উদ্দেশ্য জনস্বার্থ রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ করা। আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কেউ ক্ষুব্ধ হতে পারেন। তবে ব্যক্তিগত স্বার্থে প্রশাসনের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানো কাম্য নয়।
ইউএনও রিজু তামান্না বলেন, উপজেলা প্রশাসন জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছে। মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রশাসনের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন বা অভিযোগ থাকলে যথাযথ প্রক্রিয়ায় তা জানানোর সুযোগ রয়েছে। যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে প্রশাসনের কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।
সচেতন মহলের মতে, অপরাধ দমন ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করার সুযোগ থাকা জরুরি। তবে অভিযোগের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়ালে বিভ্রান্তি তৈরি হতে পারে। বাগমারায় সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন।






