প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি উন্নয়ন ব্যাংকের গভর্নরের বৈঠক

জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর আলোচনা, বাংলাদেশে কার্যালয় খোলার প্রস্তাব

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতায় জাপানি উন্নয়ন ব্যাংকের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাপানি উন্নয়ন ব্যাংকের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে জাপানি উন্নয়ন ব্যাংকের একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। এ প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন ব্যাংকটির গভর্নর আমাকাওয়া কাজুহিকো।