শেখ হাসিনা ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে, বেআইনি পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাহেদ উর রহমান

টুইট ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না; বরং ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইন অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণের কথা, সেটিই অনুসরণ করা হবে।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কখনো ডিসেম্বর, আবার কখনো জুনে দেশে ফেরার বিষয়ে আলোচনা সামনে আসে। এভাবে সময় পরিবর্তনের সঙ্গে একই আলোচনা চলতে থাকে। তবে শেখ হাসিনা দেশে ফিরলে সরকার খুশি হবে। এতে তাঁকে ফিরিয়ে আনার প্রয়োজন হবে না।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময়ও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা অন্যদের প্রতি ন্যায়বিচার করেননি, তবে বর্তমান সরকার তাঁর ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করবে।

তিনি আরও স্পষ্ট করেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনবহির্ভূত কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়াই অনুসরণ করা হবে।