জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে চিবার ফুতসু শহরে তারেক রহমান

টুইট ডেস্ক : জাপান সফরের দ্বিতীয় দিনে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেইআরএর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর এ সফরে জাপানের জ্বালানি অবকাঠামো, এলএনজি ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ উৎপাদনে স্থিতিশীলতা এবং জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রেক্ষাপটে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শনে অংশ নেন।