ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষে কেইন, দুইয়ে ইয়ামাল

৭৩ গোল ও তিন শিরোপায় এগিয়ে বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার; তিনে এমবাপে, চারে মেসি।
টুইট প্রতিবেদক: ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দ্বিতীয় স্থানে বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল এবং তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের পাওয়ার র্যাঙ্কিংয়ে উঠে এসেছে এই চিত্র।
গত মৌসুমে দুর্দান্ত গোলসংখ্যা ও দলীয় সাফল্যের সুবাদে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন কেইন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। তাঁর গুরুত্বপূর্ণ অবদানে বায়ার্ন মিউনিখ জিতেছে বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে ছয় গোল করলেও দলটির অভিযান শেষ হয় সেমিফাইনালে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইয়ামালও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন। বার্সেলোনার হয়ে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ২১ গোল করিয়েছেন এই তরুণ। স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবেও তাঁর সাফল্য উল্লেখযোগ্য। তবে বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যাশামতো স্মরণীয় না হওয়ায় ব্যালন ডি’অর জয়ের দৌড়ে পিছিয়ে পড়তে পারেন তিনি বলে মনে করছে গোল ডটকম।
তৃতীয় স্থানে থাকা এমবাপের গোলসংখ্যাও নজরকাড়া। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে গত মৌসুমে ৫৮ গোল করেছেন এই ফরাসি তারকা। বিশ্বকাপে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। তবে রিয়াল মাদ্রিদের শিরোপাহীন মৌসুম তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোর পাশাপাশি বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
তালিকার পঞ্চম স্থানে প্যারিস সেন্ট জার্মেইয়ের জর্জিয়ান উইঙ্গার খভিচা কাভারাস্কেইলিয়া। ষষ্ঠ স্থানে স্পেনের রদ্রি, সপ্তম স্থানে বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে এবং অষ্টম স্থানে রয়েছেন গতবারের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে।
শীর্ষ দশে আরও জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড। তবে গোল ডটকমের মূল্যায়নে এবারের পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে কেইন।
ব্যক্তিগত গোলসংখ্যা, দলীয় শিরোপা ও আন্তর্জাতিক মঞ্চের পারফরম্যান্স, সব মিলিয়ে কেইন আপাতত অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে। তবে চূড়ান্ত পুরস্কার নির্ধারণে ভোট ও মূল্যায়নের ফলই শেষ কথা বলবে।






